Showing posts with label Upcoming Movies. Show all posts
Showing posts with label Upcoming Movies. Show all posts

‘দেহ’ পপিরই থাকছে

‘দেহ’ শেষ পর্যন্ত পপিরই থাকছে। অর্থাৎ সালমান হায়দার পরিচালিত ‘দেহ’ ছবিটিই নির্মিত হবে কপিরাইটের নিবন্ধন অনুযায়ী। আরেক পরিচালক রেজাউর রহমান সবুজ ‘দেহ’ নাম থেকে নিজেকে সরিয়ে নেয়ার চিন্তা-ভাবনা না করলেও তার ছবির নায়িকা অমৃতা খান শেষ পর্যন্ত এ ছবিতে অভিনয় না-ও করতে পারেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, একজন নতুন নায়িকা হিসেবে তিনি কোন বিরোধে জড়াতে চান না। তাছাড়া ‘দেহ’ ছবিটি যে অন্য একজন পরিচালক বানাবেন এবং সেটাতে পপির মতো তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অভিনয় করবেন এটা তার জানা ছিল না। মানবজমিন-এ ‘দেহ’ নিয়ে কাড়াকাড়ি শীর্ষক প্রতিবেদন পড়ার পর অমৃতা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। যদিও পরিচালক সবুজ তাকে জানিয়েছেন ‘দেহ’ নাম ছাড়া অন্য কিছুর সঙ্গে ছবির কোন মিল নেই। এরপরও আশ্বস্ত হতে পারছেন না অমৃতা। তিনি ‘গেইম’ এবং ‘অন্তরে অন্তরে’ ছবি দুটি নিয়েই আপাতত ভাবতে চান। সূত্রটি আরও জানিয়েছে, যেহেতু কাগজে কলমে ‘দেহ’ ছবির জন্য তিনি চুক্তিবদ্ধ হননি সেহেতু ‘দেহ’ নামে ছবি করতে তিনি আগ্রহ পাচ্ছেন না। শেষ পর্যন্ত ছবিটি তিনি ছেড়ে দিলেও অবাক হওয়ার মতো কিছুই ঘটবে না। অমৃতা খানের এই মনোভাব পরিচালক সালমান হায়দারের কানে পৌঁছানোর আগেই তিনি জানিয়েছেন, সহসাই গান মহরতের মাধ্যমে ‘দেহ’ ছবির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবেন তিনি। আর এই ছবির নাম ভূমিকায় পপিই থাকছেন। এ প্রসঙ্গে পপি বলেন, আমি ‘দেহ’ নামের ছবিতে অভিনয় করার জন্য অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছি এবং চিত্রনাট্য পড়ে নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। হঠাৎ অন্য কারোর ‘দেহ’ নামে ছবি নির্মাণের খবরে একটু অবাকই হয়েছিলাম। তবে যেহেতু পরিচালক সালমান হায়দারের কাছে কপিরাইটের কাগজ আছে, সেহেতু নিশ্চিত ছিলাম ‘দেহ’ ছবিটি যখনই হবে তখনই এর নায়িকা আমি থাকবো। কারণ, পরিচালক সালমান হায়দার ছাড়া আর কেউই এই ছবি থেকে আমাকে বাদ দিতে পারবে না। মোটকথা, ‘দেহ’ আমারই থাকছে।

চলচ্চিত্রে অভিষেক ঘটছে মডেল ববির

এই প্রথম একক নায়িকা হিসাবে অভিষেক ঘটছে মডেল ববি'র। 'দেহরক্ষী' চলচ্চিত্রের মাধ্যমে একক নায়িকা হিসাবে অভিষেক ঘটছে এই মডেলের। চলচ্চিত্রে অভিষেক প্রসঙ্গে ববি বলেন, 'শোবিজে এসেছি আমি চলচ্চিত্রকে টার্গেট করেই। সেই লক্ষ্যেই এগুচ্ছি। এখন অন্যান্য কাজের পাশাপাশি নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চাই। এরই মধ্যে বেশ কয়েকটি বড় বাজেটের চলচ্চিত্রের সাথে চুক্তিও করেছি। খুব শিগগিরই দর্শকরা তা জানতে পারবেন। আর 'দেহরক্ষী' ছবিটি নিয়ে শুধু বলবো, পরিপূর্ণ বিনোদনের চলচ্চিত্র এটি। নাচ-গান আর দুর্দান্ত ফাইটিং এনিমেশনের চলচ্চিত্র এটি।' আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি। ত্রিভুজ প্রেমের এই ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও কাজী মারুফ।

পহেলা বৈশাখে মৌসুমী-ফেরদৌস-ঋতুপর্ণা

ফেরদৌস-মৌসুমী-ঋতুপর্ণা অভিনীত 'এক কাপ চা' ছবিটি আসন্ন ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত ছবিটি মুক্তি পায়নি। তবে পহেলা বৈশাখে ছবিটি মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। সম্প্রতি ছবির প্রযোজক-পরিচালক এমনই সিদ্ধান্ত নিয়েছেন। মাস দুয়েক আগে ভারতের চেন্নাইয়ের প্রাসাদ ল্যাবে ছবির এডিটিং, পোস্ট প্রোডাকশনসহ যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালায় ছবিটি প্রযোজনা করেছেন চিত্রনায়ক ফেরদৌস নিজেই। ছবির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন বাসু চ্যাটার্জি। 'এক কাপ চা' মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, ছবির যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। ফেরদৌস ভাই পহেলা বৈশাখে ছবিটি মুক্তি দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সেদিক লক্ষ্য রেখেই প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে আমাদের কথা চলছে। তিনি আরো বলেন, ২০১০ সালের ১৫ অক্টোবর এ ছবির শুটিং শুরু হয়েছিল। দেড় বছর পর গত মে মাসে ছবির কাজ সম্পন্ন হয়। শুরু থেকেই নানা কৌশলে ছবির প্রচারণা চালানো হচ্ছে। তাই ছবিটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। 'এক কাপ চা' ছবিতে ফেরদৌসকে ইংরেজি বিভাগের প্রভাষক এবং মৌসুমীকে গ্রন্থাগারিক হিসেবে দেখানো হবে। এছাড়াও ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ফেরদৌস-মৌসুমী-ঋতুপর্ণা ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন- নায়করাজ রাজ্জাক, আলমগীর, হুমায়ুন ফরীদি, ওমর সানী, নিপুণ, ইমন, নিরব, মীর সাবি্বর, অাঁখি আলমগীর, অমল বোস, তুষার খান, শহিদুল ইসলাম সাচ্চু, এজাজুল ইসলাম, মুনিরা মিঠুসহ এক ঝাঁক তারকাশিল্পী।

ফেইথফুলি ইওরস

বাংলাদেশের তরুণ নির্মাতা জোবায়ের আলম নির্মাণ করেছেন ইংরেজি ভাষার ছবি 'ফেইথফুলি ইওরস'। যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে ছবিটি। ম্যানহাটনে এমবিএ করার সময় নির্মাতা চলচ্চিত্রটি নির্মাণ করেন। নিউ ইয়র্ক, লাস ভেগাস ও শিকাগোর বাঙালি যুবক-যুবতীর সেখানে মানিয়ে চলার গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সংস্কৃতি উঠে এসেছে ছবির গল্পে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয় ও প্রিয়ন্তী। আমেরিকার কয়েকজন অভিনয়শিল্পীও এতে অভিনয় করেন। এ ছাড়া নিউ ইয়র্ক থিয়েটারের জেসন, জেনিফার ও কুনালসহ আরো অনেকেই অভিনয় করেছেন এ ছবিতে। পরিচালক জানান, নিউ ইয়র্কে ছবিটির একটি প্রদর্শনী হয়েছে। বাংলাদেশেও এ ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।

নিরব-অমৃতার ছবি 'গেম'

জাকারিয়া সৌখিনের গল্প নিয়ে তৈরি হচ্ছে প্রেম-সংঘাতের ছবি 'গেম'। গত শুক্রবার এফডিসির ঝর্ণা স্পটে এর মহরত হয়। রয়েল অনিকের পরিচালনায় এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করবেন নিরব, ইরফান খান ও অমৃতা খান। আগামী ২৬ জানুয়ারি থেকে এর দৃশ্যধারণ হবে দুবাইয়ে।

বিন্দুর 'এই তো প্রেম'

দীর্ঘ বিরতির পর বিন্দু অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি 'এই তো প্রেম'র শুটিং শুরু হয়েছে। গতকাল থেকে মানিকগঞ্জে এ ছবির শেষ অংশের দৃশ্যধারণ শুরু হয়। ছবিটি পরিচালনা করছেন সোহেল আরমান। মানিকগঞ্জে টানা পাঁচদিন ছবিটির শুটিং চলবে। বিন্দুর পাশাপাশি চিত্রনায়ক শাকিব খানও এ ছবির শুটিংয়ে অংশগ্রহণ করেছেন। এ প্রসঙ্গে পরিচালক বলেন, 'সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তাই আউটডোরে শুটিং করতে পারছি না। ছবির বেশিরভাগ অংশের শুটিং আগেই সম্পন্ন হয়েছে। আশা করি, আগামী পাঁচদিনের মধ্যেই বাকিটুকুর শুটিং শেষ করতে পারব। আগামী বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।' বিন্দু জানান, ২০০৯ সালে এ ছবির শুটিং শুরু হয়েছিল। মাঝে বেশকিছুদিন এর কাজ আটকে ছিল। আবারো শুটিং শুরু হওয়ায় তিনি দারুণ খুশি। এ ছবির গল্পে দেখা যাবে, পুরোহিতের মেয়ে মাধবী। তাকে ভালোবাসে একই গ্রামের স্কুল শিক্ষকের ছেলে সূর্য। মাধবীও একসময় সূর্যকে ভালোবেসে ফেলে। এরই মধ্যে একদিন গ্রামে ঢোকে পাকিস্তানি বাহিনী। একদিকে দেশ বাঁচানোর যুদ্ধ, অন্যদিকে একজোড়া মনের যুদ্ধ। পাকিস্তানি বাহিনী পুরোহিতকে হত্যা করে। দেশকে শত্রুমুক্ত করতে মাধবীকে রেখে ছেলেটি চলে যায় যুদ্ধ করতে। এ ছবিতে মাধবী চরিত্রে অভিনয় করবেন বিন্দু। এটি বিন্দুর চতুর্থ ছবি। ছবিতে সূর্যের ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান।

পাগল তোর জন্য রে

দীর্ঘদিন পর এক সময়ের আলোচিত নায়িকা তামান্না পর্দায় ফিরছেন। নভেম্বরের শেষের দিকে তিনি দর্শকদের সামনে আসবেন তার অভিনীত ‘পাগল তোর জন্য রে’ ছবিটি নিয়ে। মঈন বিশ্বাস প্রযোজিত ও পরিচালিত এই ছবিতে তামান্নার দুই নায়ক ইরফান ও রোহান। ইতিমধ্যেই ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করেছে। সুইডেন প্রবাসী নায়িকা তামান্না প্রায় ৭ বছর পর দেশে ফিরেছিলেন ‘পাগল তোর জন্য রে’ ছবির জন্য। প্রথমে এই ছবির নাম ছিল ‘প্রেমের জন্য পৃথিবী’। তামান্না অভিনয় করেছেন পৃথিবী চরিত্রে। পরিচালক মঈন বিশ্বাস এই ছবিতে জনপ্রিয় ‘পাগল তোর জন্য রে পাগল এ মন’ গানটি সংযোজিত করেছেন। পরে গল্পের প্রয়োজনে তিনি ছবির নাম পরিবর্তন করে ‘পাগল তোর জন্য রে’ রাখেন। এই নামেই ছবিটি নভেম্বরের শেষের দিকে মুক্তি পাবে বলে প্রযোজক পরিচালক মঈন বিশ্বাস জানান। জ্যোতি ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানি, ড্যানি সিডাক, রেবেকা, চিত্রা চৌধুরী, শাহিন শাহ ও এটিএম শামসুজ্জামান। সাইফুল আজম কাশেম পরিচালিত ‘তেজ্যপুত্র’ ছবির মাধ্যমে সুইডেন প্রবাসী তামান্না প্রথম সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ালেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভণ্ড’। প্রথম ছবিতে ব্যাপকভাবে সাফল্য পান তামান্না। ‘ভণ্ড’ হয় সুপার ডুপার হিট। আর তামান্না বনে যান সুপারস্টার। এরপর তিনি অসংখ্য ছবিতে অভিনয় করেন। পরবর্তীতে ডেন্টাল বিষয়ে পড়াশোনা শেষ করতে তামান্না আবার সুইডেন ফিরে যান। প্রায় ৬ বছর পর বেড়াতে আসেন দেশে। এসেই সুযোগ পান ‘পাগল তোর জন্য রে’ ছবিতে কাজ করার। এই সুযোগ কাজে লাগাবার জন্য তামান্না সর্বোচ্চ মেধা ব্যয় করেন। ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার সংবাদ পেয়ে আনন্দিত তামান্না সুইডেন থেকে মুঠোফোনে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, অনেকদিন পর আমার অভিনীত একটি ছবি দর্শকদের সামনে আসছে জেনে খুব ভাল লাগছে। তামান্না বলেন, ‘পাগল তোর জন্য রে’ একটি নির্ভেজাল প্রেমের ছবি। পরিচালক মঈন বিশ্বাস অনেক যত্ন করে ছবিটি নির্মাণ করেছেন। ছবিটি সব শ্রেণীর দর্শকদের ভাল লাগবে বলে তামান্না আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘পাগল তোর জন্য রে’র মুক্তির তারিখ চূড়ান্ত হলে আমি দেশে আসবো। দর্শকদের সঙ্গে ছবিটি দেখবো। সাংবাদিকদের সঙ্গে আড্ডা দেবো। ছবির প্রচার প্রচারণায় পরিচালক মঈন বিশ্বাসকে যতটুকু সময় দেয়ার দরকার আমি দেবো। তিনি আরও বলেন, দীর্ঘদিন পর আমার পর্দায় ফিরে আসাটা যাতে সফল হয় সে জন্য আমি সবার দোয়া চাইছি।

ঈদে রুমানার ৩ ছবি

আসন্ন ঈদে চূড়ান্ত হওয়া ৫ ছবির মধ্যে তিনটির নায়িকাই রুমানা। ছবি তিনটি হলো এফআই মানিক পরিচালিত ‘স্বামী ভাগ্য’, শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘জিদ্দি মামা’ এবং বদিউল আলম খোকন পরিচালিত ‘বুক ফাটে তো মুখ ফোটে না’। এই তিন ছবির প্রথমটিতে রুমানার নায়ক আমিন খান। বাকি দুটোতে শাকিব খান। অবশ্য ত্রিভুজ প্রেমের এই দুই ছবিতে তার সঙ্গে অপু বিশ্বাসও রয়েছেন। তারপরও এক ঈদে রুমানার এবারই সবচেয়ে বেশি ছবি মুক্তি পাচ্ছে। রুমানা বলেন, ঈদে তিনটি ছবি মুক্তি পাচ্ছে এটা আমার জন্য অবশ্যই আনন্দের বিষয়। তিনটি ছবি তিন ধরনের, গল্পে ভিন্নতা আছে। আমার অভিনীত চরিত্রগুলোও অন্যরকম। আশা করছি দর্শকদের ভাল লাগবে। বড়পর্দায় সর্বাধিক ছবি ছাড়াও রুমানাকে ছোটপর্দায় প্রায় সব চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালায় দেখা যাবে। সব মিলিয়ে দুই পর্দার দর্শকদের নিয়েই কাটবে সু-অভিনেত্রী রুমানার এবারের ঈদ।

শেষ হলো ‘চোরাবালি’

শেষ হলো ‘চোরবালি’ চলচ্চিত্রের পোস্ট প্রোডাকশনের কাজ। মুম্বইর প্রাসাদ ল্যাবে দীর্ঘ এক মাস বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি ডিআই-এ গ্রেডিংয়ের পর এর কাজ শেষ করা হয়। বিশ্বনন্দিত কালারিস্ট যুক্তরাজ্যের রবার্ট ল্যাং ‘চোরাবালি’ ছবিতে কাজ করার বিষয়ে বলেন, বাংলাদেশে যে এত অত্যাধুনিক মানের চলচ্চিত্র তৈরি হয় ‘চোরাবালি’তে কাজ না করলে জানতামই না। আমি খুবই খুশি একই চলচ্চিত্রের ভেতরে ৩-৪ রকমের কালার গ্রেডিংয়ের পরীক্ষা করেছি। এবং এটা দেখতে অসাধারণ লাগছে। বাংলাদেশের দর্শক নুতন স্বাদের দৃশ্য দেখতে পাবে সিনেমা হলে। রবার্ট ল্যাং ‘দ্য ম্যান উইদাউট পাস্ট’, ‘নাইন্থ কোম্পানি’র মতো হলিউডের সব সাড়া জাগানো চলচ্চিত্রে কাজ করেছেন। বলিউডে তার সর্বশেষ করা চলচ্চিত্র ‘বডিগার্ড’। ছবির পরিচালক রেদওয়ান রনি সেন্সর বোর্ডের জন্য নির্ধারিত কপি নিয়েই এ মাসের শেষ দিকে মুম্বই থেকে ফিরবেন। চোরাবালির চলচ্চিত্রটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ‘বাইশে শ্রাবণ’ খ্যাত ইন্দ্রদীপ দাস গুপ্ত। ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেন, জয়া আহসান, শহীদুজ্জামান সেলিম, ঈরেশ যাকের, সালেহীন স্বপন, পিয়া, হুমায়ুন সাধু, এ টি এম শামসুজ্জামান, সোহেল রানা প্রমুখ। চলচ্চিত্রটি আগামী বছরের শুরুতে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে বলে প্রযোজক সূত্রে জানা গেছে।

নীড়ের 'প্রেমের তরী'

নীড়ের ক্যারিয়ারে প্রথম ছবিটি ছিল আমিন খানের বিপরীতে। রুহুল আমিনের 'সুখ কপালে নাই' নামের ছবিটির শুটিং প্রায় শেষের পথে। এরই মধ্যে একই পরিচালকের নতুন ছবি 'প্রেমের তরী'তে চুক্তিবদ্ধ হলেন নীড়। আগামী সপ্তাহ থেকে পুবাইলে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান তিনি। নীড় বলেন, 'আগের ছবিটি সামাজিক গল্পনির্ভর হলেও নতুন এই ছবিটি রোমান্টিক। আমি শুরু থেকেই রোমান্টিক ছবির প্রতি বেশ আগ্রহী ছিলাম। কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি। এবার সেই সুযোগ কাজে লাগালাম।' প্রেমের তরী ছবিটি প্রযোজনা করছে কাশফুল চলচ্চিত্র।

নিরব-রিচি চলচ্চিত্রের নতুন জুটি

প্রথমবারের মতো পর্দাজুটি হতে যাচ্ছেন নিরব ও রিচি। না কোনো নাটকে নয় একেবারে চলচ্চিত্রে জুটি হতে চলেছেন তারা দুজনে। শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় নতুন চলচ্চিত্রের জুটি হয়েছেন তারা। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই চলচ্চিত্রের কাজ শুরু হবে। চলচ্চিত্র প্রসঙ্গে অভিনেতা নিরব বলেন, ‘কাকলী আপার কাজের ভক্ত আমি অনেক আগেই। তিনি খানিকটা ভিন্ন আঙ্গিকের কাজ করে থাকেন। তাই নির্দ্বিধায় বলব এই চলচ্চিত্রটিও ভিন্নতা আনবে দর্শকদের ভেতরে।’ অন্যদিকে চলচ্চিত্রের কাজের জন্য রিচি নিজেকে ফিট করছেন এমনও শোনা গেছে। তবে এটি কোন ফর্মেটের চলচ্চিত্র হবে তা জানা যায়নি। এ প্রসঙ্গে নির্মাতা শাহনেওয়াজ কাকলী বলেন, ‘টানা প্রায় ১ মাস ভারত সফর শেষে বিভিন্ন লোকেশনে ঘুরে এই ছবির গল্প তৈরি করেছি। ইচ্ছে আছে দেশ ও দেশের বাইরে শুটিং করব। আর নাটকে রিচি দর্শকদের কাছে অন্যরকম গ্রহণযোগ্যতায় ছিলেন। এবারে আমার এই চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অন্যরকমভাবে অভিষেক ঘটবে তা নির্দ্বিধায় বলতে পারি।’

আয়না কাহিনী ছবির শুটিং শেষ

মাত্র ২০ দিনেই ‘আয়না কাহিনী’ ছবির শুটিং শেষ করলেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের কাহিনী নিয়ে এই ছবির কাজ সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে গাজীপুর হোতাপাড়ার খতিব খামাড়বাড়ীতে শুটিং শুরু করেছিলেন নায়করাজ রাজ্জাক। টানা দশদিন সেখানে শুটিংয়ের পর ছবির ইউনিট নিয়ে তিনি চলে যান পুবাইলে। সেখানে ছবির সবক’টি দৃশ্য চিত্রায়ণের পর নায়ক সম্রাটকে নিয়ে একটি লঞ্চে করে চলে যান উলু খোলায়। সেখানে বিভিন্ন গ্রামের নয়নাভিরাম লোকেশনে একটি গানের শুটিং করেন। প্রায় ৩৫ বছর আগে রাজ্জাক ‘নীল আকাশের নীচে’ ছবিতে ‘নীল আকাশের নীচে আমি রাস্তায় চলেছি একা’ গানে অভিনয় করেছিলেন মনপ্রাণ উজাড় করে। এই গানটিই রিমেক করে নতুনভাবে সম্রাটকে দিয়ে চিত্রায়ণ করলেন রাজ্জাক। সত্য সাহার অসাধারণ সুর সৃষ্টির এই গানে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন সত্য সাহার সুযোগ্যপুত্র সময়ের অন্যতম সেরা সংগীত পরিচালক ইমন সাহা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক জেড এইচ মিন্টুর ক্যামেরার সামনে বাবার মতই প্রাণবন্ত হয়ে অভিনয় করলেন
সম্রাট। এই গানের শুটিং শেষ হওয়ার মধ্য দিয়ে ‘আয়না কাহিনী’ ছবির ক্যামেরাও ক্লোজ হয়ে যায়। ছবির পরিচালক নায়করাজ রাজ্জাক বলেন, ‘আয়না কাহিনী’ যৌতুকের বিরুদ্ধে একটি অন্য রকম প্রতিবাদের গল্প। ইমদাদুল হক মিলন অত্যন্ত যত্ন সহকারে এর কাহিনী লিখেছেন। কাহিনী আমার খুব ভাল লেগেছে। আমি এবং আমার পুরো ইউনিট অত্যন্ত যত্ন সহকারে ‘আয়না কাহিনী’কে যথার্থভাবে পর্দায় তুলে আনার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ছবিটি সবার ভাল লাগবে। ‘নীল আকাশের নীচে’ গানটি নতুন করে সংযোজন প্রসঙ্গে রাজ্জাক বলেন, সম্রাট পর্দায় আগমনের সময় একটা গান ছিল। অনেক চিন্তা ভাবনা করে গান খুঁজে পাচ্ছিলাম না। পরে হঠাৎ মনে হলো এই গানটির কথা। লোকশনটাও ভাল পেয়েছি। দর্শকও বেশ মজা পাবে গানটি দেখে। ‘আয়না কাহিনী’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রাজ্জাক নিজেও অভিনয় করছেন। এছাড়া সম্রাটের সঙ্গে আরও অভিনয় করছেন কেয়া, শামস সুমন, মুক্তি, শতাব্দী ওয়াদুদ, সোহেল খান, লুৎফর রহমান জর্জসহ অনেকেই। উল্লেখ্য নায়করাজ রাজ্জাক এই প্রথম ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় কোন চলচ্চিত্র পরিচালনা করছেন।

তামান্নার নতুন নায়ক রোহান

দীর্ঘ বিরতি নিয়ে চলচ্চিত্রে অভিনয় করছেন তামান্না। মঈন বিশ্বাসের 'প্রেমের জন্য পৃথিবী' ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিতে তাঁর বিপরীতে দুজন নায়ক রয়েছেন, একজন ইরফান খান অন্যজন নবাগত রোহান। ইরফান এর আগে মাইকেল নামে হাছিবুল ইসলাম মিজানের 'তুমি আছো হৃদয়ে' ছবিতে অভিনয় করলেও রোহান এর আগে কোনো ছবিতেই অভিনয় করেননি। অভিনেতা ও নির্দেশক গাজী রাকায়েতের অভিনয়ের স্কুল 'চারুনীড়ম স্কুল অব অ্যাক্টিং' থেকে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছেন রোহান। প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে রোহান বলেন, 'ছোটবেলা থেকেই আমার বাবার স্বপ্ন ছিল বড় হয়ে যেন চলচ্চিত্রে কাজ করি। বাবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এ ছবির সঙ্গে জড়িত প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ। বিশেষ করে ছবির নায়িকা তামান্না আপু এবং পরিচালক মঈন বিশ্বাসের কাছে। তাঁরা দুজন আমাকে খুবই সহযোগিতা করছেন।' রোহান সম্পর্কে তামান্না বলেন, 'রোহানের পারিবারিক নাম সাঈদ। রোহান নামটি আমারই দেওয়া। রোহান নতুন হলেও খুবই ভালো কাজ করছেন। আমার বিশ্বাস, রোহান অনেক দূর যেতে পারবেন।' ছবির শুটিং প্রায় শেষের পথে। ন্যান্সি ও বেলাল খানের গাওয়া এই ছবির 'পাগল তোর জন্য রে' গানটি ইতিমধ্যে ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

চলচ্চিত্রে চৈতীর পর্দা অভিষেক ২রা বৈশাখ


লাক্স চ্যানেল আই ২০০৮-এর বিজয়ী চৈতী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মধুমতি’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি আগামী ২রা বৈশাখ মুক্তি পাচ্ছে। আর এরই মধ্য দিয়ে বড় পর্দয় অভিষেক হতে যাচ্ছে চৈতীর। একই সঙ্গে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আই’তে। কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘মধুমতি’ পরিচালনা করেছেন শাহজাহান চৌধুরী। এতে চৈতীর বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ। প্রথম এই চলচ্চিত্র নিয়ে চৈতীর প্রত্যাশা অনেক। এই ছবিতে কাজ করতে গিয়ে বেশ অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি। এ প্রসঙ্গে চৈতী বলেন, চৈত্র দিনের শেষে বাংলা নববর্ষের শুরুতে নতুন বছরের সঙ্গে নতুন ক্যারিয়ার শুরু করছি। আর আমার সঙ্গে রয়েছেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, পরিচালক শাহজাহান চৌধুরী, জনপ্রিয় নায়ক রিয়াজ এবং ইমপ্রেস টেলিফিল্ম। সবার ছায়ায় আমার শুরুটা আশা করছি ভাল হবে। চৈতী আরও বলেন, রিয়াজ ভাই একজন সুপারস্টার আর আমি একেবারেই নবীন অভিনেত্রী। স্বাভাবিক কারণেই আমি বেশ জড়তায় ভুগছিলাম। রিয়াজ ভাইয়ের প্রাণখোলা ব্যবহারের কারণে সেই জড়তা কাটিয়ে উঠতে আমার খুব বেশি সময় লাগেনি। নবীন অভিনেত্রী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার ভুল-ভ্রান্তি হয়েছে। কিন্তু কখনও রিয়াজ ভাইকে বিরক্ত হতে দেখিনি। একবারের জায়গায় তিনবার এসে তিনি শট দিয়েছেন। তার দেয়া সাজেশন আমার কাজে লেগেছে। ‘মধুমতি’ ছবির শুটিং নিয়ে চৈতী বলেন, এক বছরেরও বেশি সময় লেগেছে ছবিটির কাজ শেষ করতে। ঋতু বৈচিত্র্য ও আর প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য নানান জায়গায় ছবির শুটিং হয়েছে। কখনও নবাবগঞ্জ, কখনও বিক্রমপুর, কখনও পূবাইলে গ্রামবাংলার সৌন্দর্য খুব কাছ থেকে দেখেছি। শুটিংয়ের সময়ে এমন অনেক মজার মজার ঘটনা ঘটেছে যা বলে শেষ করা যাবে না। ছবিতে চৈতী অভিনয় করেছেন মিনা চরিত্রে। এই কঠিন একটি চরিত্র অভিনয় দিয়ে মোটামুটি পার হয়ে এসেছেন চৈতী। কিন্তু কণ্ঠ অভিনয় অর্থাৎ ডাবিং নিয়ে সমস্যা তৈরি হয় একসময়। এ প্রসঙ্গে চৈতী বলেন, আমার কণ্ঠ বেশি চিকন। ডাবিংয়ে গিয়ে মনে হলো চরিত্রানুযায়ী কণ্ঠে গাম্ভীর্য আসছে না। একপর্র্যায়ে পরিচালককে আমি অনুরোধ জানাই অন্য কাউকে দিয়ে ডাবিং করানোর জন্য। সেই অনুযায়ী অন্য কাউকে দিয়ে ডাবিং করানো হয়। কিন্তু অন্য কেউ ডাবিং করলে অভিনয়টা ভাল লাগছিল না বলে অবশেষে আমাকেই সেই ডাবিং করতে হয়েছে। অবশ্য ডাবিং শেষ হওয়ার পর যখন ছবিটি দেখলাম তখন মনে হলো পণ্ডশ্রম হলো না। ‘মধুমতি’ ছবি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে চৈতী বলেন, এটি গ্রামীণ পটভূমিতে নির্মিত সাহিত্যনির্ভর একটি চলচ্চিত্র। আমার মনে হয় এ ছবিটি যারা দেখতে আসবেন তাদের ভাল লাগবে। আর দর্শকের কাছে যদি ছবিটি ভাল লাগে তবেই আমার সার্থকতা। নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন কিনা জানতে চাইলে চৈতী বলেন, রুচিশীল চলচ্চিত্রের সঙ্গে থাকতে চাই। কাজ করলে এভাবেই করতে চাই। তাছাড়া আমি এখনও পড়াশোনা করছি। শান্ত মরিয়ম ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিংয়ের ফোর্থ ইয়ারের ছাত্রী। এ মুহূর্তে আমি পড়াশোনাকেই বেশি প্রধান্য দিচ্ছি। পড়াশোনা শেষ হলে ছোটপর্দা এবং বড়পর্দায় অভিনয়টা নিয়মিত করবো। উল্লেখ্য, চৈতী অভিনীত বর্তমানে প্রচার চলছে ‘হাতের রেখা কথা বলে’, ‘ফানুস’, ‘ইকারুসের ডানা’সহ কয়েকটি ধারাবাহিক নাটক।

জমজমাট গল্পের ছবি ‘হৃদয় ভাঙা ঢেউ’

একুশে পদকপ্রাপ্ত গীতিকার এবং বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক পরিচালক গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘হৃদয় ভাঙা ঢেউ’ এখন সেন্সরের পথে রয়েছে সহসাই ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যাবে বলে পরিচালক গাজী মাজহারুল আনোয়ার জানান তিনি বলেন, আসন্ন বাংলা নববর্ষে মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়ে নির্মিত ‘হৃদয় ভাঙা ঢেউ’ একটি আন্তর্জাতিক মানের ছবি ব্যাংককের নানারকম চমৎকার লোকেশন আর সমুদ্র শহর কক্সবাজারে এই ছবির পুরো শুটিং করা হয়েছে জমজমাট একটি গল্পের সঙ্গে লোকেশন, গান, অ্যাকশন, নাচ সবকিছুই সিনেমাপ্রেমী দর্শকদের জন্য নতুন আনন্দ নিয়ে আসবে গাজী মাজহারুল আনোয়ার বলেন, প্রযোজক এমএ জলিল অনন্তর অকৃপণ সহযোগিতায় আমি একটি ভাল মানের চলচ্চিত্র নির্মাণ করতে পেরেছি; যা সব শ্রেণীর দর্শকদের মন জয় করবে বলে আশা করতে পারি ‘খোঁজ দ্য সার্চ’ খ্যাত নায়ক প্রযোজক এমএ জলিল অনন্ত প্রযোজিত ও মুনসুন ফিল্মসের ব্যানারে পরিবেশিত তারকাসমৃদ্ধ ছবি ‘হৃদয় ভাঙা ঢেউ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, আলমগীর, দিতি এবং সফল ও আলোচিত জুটি অনন্ত ও বর্ষা ‘হৃদয় ভাঙা ঢেউ’র কাহিনী চিত্রনাট্য সংলাপ লিখেছেন পরিচালক গাজী মাজহারুল আনোয়ার নিজেই চিত্রগ্রহণে মাহফুজুর রহমান খান, সম্পাদনা শহীদুল হক, স্থিরচিত্রে জিডি পিন্টু ছবির অ্যাকশন দৃশ্য ও কোরিওগ্রাফি করেছে হংকং ও মুম্বইর কলাকুশলীরা

বড়পর্দায় শখের অভিষেক ২২ অক্টোবর

জনপ্রিয় মডেল তারকা শখের নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ২২ অক্টোবর। এদিন মুক্তি পাবে শখ অভিনীত প্রথম ছবি 'বলোনা তুমি আমার'। এমবি মানিক পরিচালিত এই ছবিতে শখের নায়ক শাকিব খান। অপূর্ব কথাচিত্রের ব্যানারে নির্মিত এই ছবিটি শুরু হয়েছিল 'তোমাকে ছাড়া বাঁচাবো না' নামে। কিন্তু এই ছবি মুক্তি পাওয়ার আগেই 'তুমি ছাড়া বাঁচি না' নামে একটি ছবি মুক্তি পাওয়ার কারণে অপূর্ব কথাচিত্রের কর্ণধার প্রযোজক খোরশেদ আলম ছবির নাম পরিবর্তন করে 'বলোনা তুমি আমার' রাখেন। আগামী ২২ অক্টোবর ছবিটি এই নামেই মুক্তি পাবে। ইতিমধ্যে ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করেছে এবং মুক্তির জন্য চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অনুমোদন পেয়েছে। ব্যাংককের মনোরম লোকেশনে চিত্রায়িত রোমান্টিক অ্যাকশন ছবি 'বলোনা তুমি আমার'-এ শাকিব খান ও শখের সঙ্গে আরও অভিনয় করেছেন নিরব, তমা মির্জা, মিশা সওদাগর, কাবিলাসহ অনেকেই। মডেল হিসেবে ব্যাপকভাবে আলোচিত শখকে নিয়ে ছবির প্রযোজক পরিচালক সবাই আশাবাদী।

সোহানা সাবা এবার দৌড়-এ

আয়না, খেলাঘর, চন্দ্রগ্রহণ, প্রিয়তমেষু- ছবির পর এবার দৌড়-এ নায়িকা হচ্ছেন সোহানা সাবা। জানা গেছে, শিগগিরই নির্মিত হচ্ছে সোহানা সাবা অভিনীত নতুন চলচ্চিত্র দৌড়। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় থাকছেন মুরাদ পারভেজ। মুরাদ পারভেজের প্রথম নির্মিত ধারাবাহিক দৌড় নাটকের কাহিনীকে উপজীব্য করেই চলচ্চিত্রটি নির্মিত হবে। যার নায়িকা চরিত্রে অভিনয় করবেন সোহানা সাবা। জানা গেছে, তিনি ছাড়াও দৌড় এ আরো অভিনয় করবেন রিয়াজ ও ফেরদৌস। এছাড়া আরো একজন নায়ক ও একজন নায়িকা অভিনয় করবেন যাদের এখনও খুঁজে পাননি। এ ছবিটি ছাড়া সোহানা সাবা আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। তবে এই মুহূর্তে তিনি পরিচালক ও ছবির নাম বলতে অপারগতা প্রকাশ করেছেন।

সোহানা সাবা সব সময়ই একক নাটকের পক্ষে ছিলেন। তবে ইদানিং তিনি ধারাবাহিক নিয়েই বেশি ব্যস্ত আছেন। এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, একক নাটক এত বেশি করেছি যে সেগুলোর বেশির ভাগই প্রচার হয়নি। অন্যদিকে এবার ঈদেরও আমার অভিনীত একক নাটক বেশি প্রচার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই আপাতত একক নাটকে অভিনয় করছি না। এছাড়া পছন্দের চরিত্র পেলে ধারাবাহিক নাটকেও অভিনয় করতে অসুবিধা নেই।বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন সাবা। এগুলো হচ্ছে মুরাদ পারভেজের পরিচালনায় ধারাবাহিক নাটক মানব জমিন, অচেনা মানুষ ও বিটিভির জন্য নির্মিত ১৩ পর্বের খ- নাটক শিকারি। ডায়েল রহমানের পরিচালনায় ৫২ পর্বের ঐতিহাসিক নাটক বাংলার বার ভূঁইয়া, নঈম ইমতিয়াজ নেয়ামুলের ফ্যামিলি নাম্বার ওয়ান প্রভৃতি।

এ মাসের শেষের দিকে আকরাম খানের একটি ধারাবাহিকে অভিনয় শুরু করবেন। এছাড়া আগামী ২৭ তারিখ আফসানা মিমির পরিচালনায় 'উপকণ্ঠে' নামের একটি নাটকের অভিনয় শুরু করবেন তিনি।

রুমানা আবারো শাকিব খানের সঙ্গে

আবারো শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন আলোচিত চিত্রনায়িকা রুমানা। ছবির নাম 'ভালোবাসলেই ঘর বাঁধা যায় না'। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু'। এ ছবিতে রুমানার সহশিল্পী হিসেবে রয়েছেন অপু বিশ্বাসও। শাকিব খানের বিপরীতে অভিনয় করেই পি এ কাজল পরিচালিত '১ টাকার বউ' ছবির মাধ্যমে বাণিজ্যিক চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে রুমানার। তারপর রুমানা শাকিবের বিপরীতে আরো দু'টি ছবিতে অভিনয় করেন। এই ছবি দু'টি হচ্ছে শাহীন সুমন পরিচালিত 'বিয়ে বাড়ি' এবং পি এ কাজল পরিচালিত 'স্বামী-স্ত্রীর ওয়াদা'। শাকিব প্রসঙ্গে রুমানা বলেন, 'তিনি একজন চমৎকার অভিনেতা। তার সঙ্গে অভিনয় করতে বরাবরই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। পর পর চারটি ছবি করে ফেললাম তার বিপরীতে। এটা আসলে নির্মাতাদের চাহিদার কারণেই সম্ভব হয়েছে।'

জনা আসছেন ৪ জানুয়ারি

নতুন বছরের নতুন মাসের চার তারিখে চিত্রনায়িকা জনা বাংলাদেশে আসছেন। শুধু পরিবারের মানুষকে আর একমাত্র সন্তান আরিয়ানকে দেখতেই বাংলাদেশে আসছেন তিনি। তবে তার স্বামী মোমিন হোসেইন আপাতত তার সঙ্গে আসছেন না। ঠিক কতদিন দেশে থাকবেন, এ ব্যাপারে তেমন চূড়ান্ত কোন কথা বলেননি জনা। সে সঙ্গে নতুন কোন ছবিতেও আপাতত কাজ করবেন না তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আসলে চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমি দেশের বাইরে থেকেই অবগত। তাই নতুন করে নতুন কোন ছবিতে কাজ করার উৎসাহ পাই না।' তবে জনা জানিয়েছেন, তিনি তার অসমাপ্ত ছবি 'কাঁকন দাসীর' কাজ শেষ করবেন। ১৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে জনা অভিনীত 'বাজাও বিয়ের বাজনা' ছবিটি। এ ছবিতে তার বিপরীতে আছেন আরজু। অভিনয় করেছেন পিউলি চরিত্রে।তিনি বলেন, 'মোহাম্মদ হোসেন জেমীর এ ছবিটির গল্প খুব চমৎকার। আমার বিশ্বাস এ ছবিটি দর্শকদের খুব ভাল লাগবে।' মন ছুঁয়েছে মন ছবিটি নিয়ে জনা বলেন, 'ছবিটিতে আমি খুব গুরুত্বপুর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের ছবিতে কাজ করার সুযোগ পেলে আমি অভিনয় করব।' উল্লেখ্য, বিভিন্ন পত্রপত্রিকায় দেশে ফিরেছেন চিত্রনায়িকা জনা খবর বেরোলেও সংবাদের অনুসন্ধানে জানা গেছে তিনি দেশে ফিরেননি। জানা গেছে, মোস্তাফিজুর রহমান মানিক পরচিালিত 'মন ছুঁয়েছে মন' ছবিটি পরিবারের সবাইকে নিয়ে সিনেমা হলে দেখার কথা থাকলেও শেষ পর্যন্ত থার্টিফার্স্ট নাইট পালন করতেই নিউইয়র্ক থেকে গেছেন জনা।

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার

ইমপ্রেস টেলিফিল্মের ছবি মোস্তফা সরয়ার ফারুকীর 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' মুক্তি পাবে ডিসেম্বরে। ইতোমধ্যে ছবিটি বিশ্বের শীর্ষস্থানীয় দুটি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। দুটি উৎসবেই প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক, ফেস্টিভ্যাল প্রোগ্রামার ও ফিল্ম ম্যাগাজিনগুলোর ভূয়সী প্রশংসা অর্জন করে ছবিটি। ১১ ডিসেম্বর এ চলচ্চিত্রটি মুক্তি পাবে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। অস্ট্রেলিয়ান ডিস্ট্রিবিউটর 'অসবেন মিডিয়া সেন্টারে'র তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে ১৯ ডিসেম্বর। অস্ট্রেলিয়ার বিখ্যাত 'হয়েটস' থিয়েটারে ছবির প্রিমিয়ারে প্রধান অতিথি থাকবেন স্ক্রিন অস্ট্রেলিয়ার সিইও ড. রুথ হার্লে। ছবিটি পর্যায়ক্রমে মুক্তি পাবে মেলবোর্ন ও ক্যানবেরায়। এ উপলক্ষে 'অসবেন মিডিয়া সেন্টার' ও অস্ট্রেলিয়ান ফিল্ম ইনস্টিটিউটে'র যৌথ উদ্যোগে 'চ্যালেঞ্জেস অফ ফিল্মমেকিং ইন ইমার্জিং কান্ট্রিস' শিরোনামে একটি সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মোস্তফা সরয়ার ফারুকী। এ উপলক্ষে গত রোববার চ্যানেল আই'র তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ছবির বিভিন্ন দিক তুলে ধরেন ফরিদুর রেজা সাগর, মোস্তফা সরয়ার ফারুকী ও ছবির কাহিনীকার আনিসুল হক।