
দীর্ঘ প্রতীক্ষা শেষে ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে শহিদুল ইসলাম খোকনের 'ভালোবাসা সেন্টমার্টিনে' ছবির শুটিং। ছবিটি আটকে আছে প্রায় চার বছর হলো। ছবিটির জন্য দু'বার শিডিউল দিয়েও কাজ না করে অস্ট্রেলিয়া চলে যান শাবনূর। সম্প্রতি শাবনূর দেশে ফিরে আসার পর পরিচালক শহিদুল ইসলাম খোকন চলচ্চিত্র শিল্পী সমিতিতে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। পরে চলচ্চিত্র শিল্পী সমিতির মধ্যস্থতায় শাবনূর ছবিটির জন্য নতুন করে সিডিউল দেন। এ ব্যাপারে পরিচালক শহিদুল ইসলাম বলেন, 'চার বছর ধরে আমি ছবিটির কাজ শেষ করতে পারছিলাম না। প্রযোজকের কাছে আমি দায়বদ্ধ ছিলাম, তাই ছবিটির কাজ শেষ করার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি। শাবনূর এবার তার কথা রেখেছেন। তাকে ধন্যবাদ।' শাবনূর বলেন, নানা সমস্যার কারণেই কাজটা শেষ হয়নি। এর আগে আমি সিডিউল দিয়েছি, কিন্তু সেই সময় কাজ করতে পারেননি তারা। আর আমি দেশে ছিলাম না। যা হোক, এখন আমরা ছবিটির শুটিং শেষ করার জন্যই কাজ করছি। আশা করছি এবার ছবির কাজ শেষ হবে।
১৫ বছর চলচ্চিত্র ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে রূপালি পর্দায় নিজেকে হাজির করেছেন শাবনূর। প্রথমবারের মতো নিজের নামে অভিনয় করবেন এ নায়িকা। 'শাবনূর আপা জিন্দাবাদ' নামের একটি ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান মানিক। তবে শাবনূরের নায়ক এখনও চুড়ান্ত করেননি পরিচালক। এর আগে নিজের নামে অভিনয় করেছিলেন মৌসুমী। চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হবে এ ছবির দৃশ্যধারণ। নিজের নামে অভিনয় প্রসঙ্গে শাবনুর বলেন, 'ছবির গল্পটি আমি শুনেছি। চমৎকার গল্প এটি। আশা করছি, একটি ভালো ছবি হবে।'

